বহুব্রীহি




হাবিবা সরকার হিলা
আজ সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসবে। ব্যাপারটা নিয়ে আমার যতটা ব্যস্ততা তারচেয়ে বেশি ব্যস্ততা সিয়ামের। একটু পর পর ফোন করছে। আমি কি করছি , বাসার সবাই কি রকম অ্যারেঞ্জ করছে, কি কি রান্না হচ্ছে। এটা সেটা জিজ্ঞেস করছে। আমি হু হা করছি। হাতে বুদ্ধদেবের মাধুকরী বইটি। ওর যন্ত্রণায় আমি মন বসাতে পারছি না।
-সিয়াম, রাখছি । পরে কথা হবে।
-কি করবা তুমি এখন?
-বই পড়ব। গল্পের বই।
-মানে? আমি এতটা অস্থির হয়ে আছি। আর তুমি আমায় দু মিনিট সময় দিতে পারছ না?
-উহু। তোমার ক্লাস আছে। ক্লাসে যাও। দেখতে এলেই বিয়ে হয় না। এত চিন্তার কিছু নাই। উঠো, ফ্রেশ হও যাও।
অনিচ্ছা সত্ত্বেও সিয়াম ফোনটা রাখল। আমি বিছানায় উবু হয়ে মাধুকরী পড়তে লাগলাম। ঘুম ভাঙল বড় আপুর ডাকে। ও দিন দিন যে হারে ফুলছে সে হারে কন্ঠ চিকন হচ্ছে। বিশাল বড় চোখ করে তাকিয়ে বলল,
-নীরা, তুই এখনও ঘুমাচ্ছিস? গোসল করবি কখন?
-এই উঠছি।
গড়িমসি না করে উঠে পড়লাম। বড় আপু একবার চিৎকার শুরু করলে থামাথামির নাম নাই। ওর ছেলে দুটোর সাথে চিৎকার করতে করতে ওর অভ্যাস হয়ে গেছে সাধারণ কথাও চিৎকার করে বলার।
যদিও পাত্রপক্ষ সন্ধ্যায় আসার কথা তবু বিকাল না গড়াতেই সাজগোজের তোড়জোড় শুরু হলো। প্রথমে হালকা ক্রীম কালার বড়আপুর চমৎকার একটা শাড়ি পড়লাম। মা এসে দেখে ভ্রু কুঁচকে বলল,
-কি বুড়া কালার শাড়ি পড়েছিস? বয়স্ক লাগছে। শাড়ি পাল্টা।
তারপর নীল রঙের জামদানিটা নিয়ে আয়নায় দেখছি। বড় আপু মুখ ভেঙচে বলল,
-তুই শ্যামলা মানুষ, নীল রঙে আরো কালো লাগবে।
অত:পর যে শাড়িটা গায়ে জড়ালাম সেটা কচি পাতার রঙের। কপালে ছোট্ট টিপ, ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়া লাগিয়ে চুলগুলো ছেড়ে দিলাম। আয়নায় নিজেকে দেখে ফিক করে হেসে ফেললাম। নাহ! সিয়ামের চয়েজ বেশ ভালো। মন্দ লাগছে না আমায়। পাত্রপক্ষের এখনও আসার খবর নাই।
ফ্রন্ট ক্যামেরায় দুটো ছবি তুলে সিয়ামকে পাঠালাম। ও তেলেবেগুনে জ্বলে উঠল,
-নীরা কেন তুমি এত সুন্দর করে সেজেছ, ওরা তো নির্ঘাত তোমাকে পছন্দ করে ফেলবে।
-না সাজলে ও পছন্দ করত। আমি দেখতে তো খুব একটা পচা নাই।
-প্লিজ নীরা, ফাজলামি করো না। তুমি আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করো…
-এত সুন্দর দুটো ছবি দিলাম, একবার বললে নাতো কেমন লাগছে?
-অসাধারন।তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে।
-তাই! আপনার মুখে একথাটা শুনতে পাবার জন্যই এত সুন্দর করে সেজেছি।
-নীরা, তুমি সত্যি বলছ তো?
-হ্যা, সত্যি। রাখছি এখন, আপু ডাকছে..
রাত যখন আটটা ছুঁই ছুঁই তখন তারা আসল। আমার কেমন বিরক্ত লাগছে। সন্ধ্যার কথা বলে এত লেট করে। কীরকম মানুষ তারা। বাসার সবাই বসার ঘরে ভীড় করে আছে। আমার সাথে শুধু বড় আপুর ছেলেদুটো। একটা আমার চুল নিয়ে খেলছে। আরেকটা ওর মায়ের জন্য ঘ্যানঘ্যান শুরু করছে। একটু পর বড়আপু এলো আমাকে নিয়ে যেতে। শেষবারের মত আমার শাড়ি ঠিক করতে করতে বলল,
-সবাইকে সালাম দিবি। আমি নিচুস্বরে কথা বলবি।
আপুর হাতের উপর রাখা আমার হাতটা কেমন থরথর করে কাঁপছে। সারা শরীর জুড়ে কেমন এক অসাড়তা ভর করেছে। ছোট ছোট পায়ে আপুর হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে ভাবছিলাম,
-কেন এত ভয় পাচ্ছি আমি!
চলবে…