বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখছে নেপাল



শুক্রবার (২৯ মার্চ) শুরু হওয়া নেপালের ইটাহারিতে ২য় নেপাল-বাংলাদেশ যুব সম্মেলনে বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখছে নেপাল, বলে জানিয়েছেন নেপালের সমাজ উন্নয়ন মন্ত্রী।

বিভিন্ন শিল্পে বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রশংসা করে নেপালী সমাজ উন্নয়নমন্ত্রী জীবন গিমিরী বলেন, ‘ঔষুধ উৎপাদন, শিক্ষা, ক্ষুদ্রঋণে স্বাবলম্বী এবং বিভিন্ন উৎপাদনমুখী ব্যবসায়ীক সেক্টরে বাংলাদেশ অনেক ভালভাবে এগিয়ে গেছে। বাংলাদেশের মত এত দ্রুত সময়ে এসব সেক্টরে কেউ এগুতে পারেনি। তাই নেপালও প্রতিনিয়ত বাংলাদেশের এসব পলিসি অনুসরণ করছে।’

যুব সম্মেলনের বাংলাদেশের সমন্বয়ক বাপ্পাদিত্য বসু জানান, সার্কভুক্ত দেশগুলো নিয়ে আগামীতে বাংলাদেশে সবচেয়ে বড় যুব সম্মেলন করার চেষ্টা চলছে। কারণ আগামীতে নেতৃত্ব দিবে তরুণরাই। কাজেই তাদেরকে এখন থেকেই সেভাবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জীবন গিমিরীকে বাংলাদেশের জাতির জনকের ছবি প্রদান করেন তরুণ উদ্যেক্ততা আছিফ রহমান শাহীন ও বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সৈকত। একইসাথে উপস্থিত সকল অতিথিকে বাংলাদেশে পাটের তৈরি ব্যাগ উপহার দেওয়া হয়।

এরপর দুপুর ২টায় ইয়ুথ পার্টিসিপেশন, এমপাওয়ারমেন্ট এবং পলিসি অ্যারেজম্যান্ট বিষয়ে আলোচনা সভা হয়। সম্মেলন শেষ হয় ৩১ মার্চ।