বাংলায় পোস্টার প্রকাশ করে আইএস'র হুমকি


paperslife

ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় সিরিজ হামলার পর বাংলাদেশ ও ভারতে হামলার ঝুঁকিতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে হামলার হুমকি দিয়ে ‘শিঘ্রই আসছি, ইনশাল্লাহ’লেখা একটি পোস্টার প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস। পোস্টারে ‘আল মুরসালাত’ নামে একটি গ্রুপের লোগোও ছিল।
বৃহস্পতিবার রাতে আইএস সমর্থিত একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এই পোস্টারটি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
মধ্যপ্রাচ্য থেকে সম্প্রতি প্রায় উৎখাত হয়ে আইএস এখন দক্ষিণ এশিয়ায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। শ্রীলঙ্কায় ভয়াবহ ওই হামলার দায় স্বীকার করে বার্তাও দিয়েছে জঙ্গি সংস্থাটি।
এর আগে শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশেও জঙ্গি ও সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, বাংলাদেশে সর্বশেষ ২০১৬ সালে গুলশান হামলায় জড়িতরা নিজেদের আইএস সমর্থক হিসেবে দেখিয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের দলটির সঙ্গে বাংলাদেশি জঙ্গিদের সরাসরি সম্পৃক্ততার কথা উড়িয়ে দিয়েছিল সরকার। গুলশান হামলায় জড়িত থাকা নব্য জেএমবির সদস্যরা আইএস দ্বারা উদ্বুদ্ধ বলে মনে করা হয়।