মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের নেতা আবু বকর আল বাগদাদির একটি কথিত অডিও টেপ প্রকাশ করেছে। ৪৬ মিনিটের অডিওটি সাম্প্রতিক বলে মনে করা হচ্ছে। অডিওতে যে কণ্ঠ শোনা যায়, তা বাগদাদির মতোই মনে হয়।
আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
অডিওর বক্তৃতায় ইরাকের মসুলে প্রায় বছরব্যাপী যুদ্ধ এবং সিরিয়ার হামায় যুদ্ধের প্রসঙ্গ টেনেছেন বাগদাদি। আমেরিকার প্রতি উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকি এবং সিরীয় সরকার ও বিরোধীদের মধ্যে আস্তানা শান্তি প্রক্রিয়ার নিয়ন্ত্রণ রাশিয়া নিয়ে নিচ্ছে বলে পর্যবেক্ষণ তুলে ধরেছেন তিনি।
অডিওটির বিষয়ে জানতে চাইলে আইএসবিরোধী যুদ্ধে নিয়োজিত মার্কিন বাহিনীর মুখপাত্র রায়ান ডিলন বলেন, বাগদাদির মৃত্যুর তথ্য যত দিন না নিশ্চিত হওয়া যায়, তত তাঁরা ধরে নেবেন, তিনি বেঁচে আছেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র বলেন, তাঁরা অডিও টেপটির বিষয়ে অবগত আছেন। তাঁরা টেপটি পরীক্ষা করবেন।
২০১৪ সালের জুলাই থেকে বাগদাদিকে প্রকাশ্যে দেখা যায়নি। তাঁর বেঁচে থাকা নিয়ে গুজব আছে। সবশেষ ইরাকের মসুলের বিখ্যাত একটি মসজিদে বাগদাদিকে দেখা গিয়েছিল। গত জুনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মে মাসের বিমান হামলায় বাগদাদি নিহত হয়েছেন বলে তাদের ধারণার কথা জানায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী এ বিষয়ে কিছু না বললেও যুক্তরাজ্যভিত্তিক সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও আইএসপ্রধানের মৃত্যুর ‘নিশ্চিত তথ্য’ পাওয়ার কথা জানিয়েছিল। পরে ইরানও একই দাবি করে। তবে বাগদাদি জীবিত আছে বলে গত জুলাইয়ে দাবি করেছিলেন ইরাকের একজন কুর্দি কর্মকর্তা। বাগদাদির মাথার মূল্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র।
