বাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত ২




ঘন কুয়াশার কারণে বাগেরহাটের ফকিরহাটে ব্রিজের ওঠার মুখে বাসের ধাক্কায় পিকআপভ্যান উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের চালক ও তাঁর সহকারী।
আজ শনিবার সকালে ফকিরহাট উপজেলার ধরের ব্রিজ এলাকায় বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাট সদরের দেপাড়া এলাকার সেকেন্দার হাওলাদারের ছেলে মিজানুর হাওলাদার (৩০) ও কোড়ামারা গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে আল-আমিন শেখ (২৮)। দুজনই গরু ব্যবসায়ী ছিলেন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল শেখ বলেন, বাগেরহাট থেকে কয়েকজন গরু ব্যবসায়ী গরু আনতে পিকআপভ্যানে করে যশোর যাচ্ছিল। ভোরে ঘন কুয়াশার মধ্যে পিকআপটি মহাসড়কের ধরের ব্রিজে ওঠার সময় বাসের সঙ্গে ধাক্কা খায়। বাসটি ব্রিজ থেকে নামছিল।
বাসের ধাক্কায় পিকআপটি দুমড়ে–মুচড়ে যায় এবং এর আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিন ও মিজানুরকে মৃত ঘোষণা করেন।