কৃষিপণ্যের বাজারে মিশ্র প্রবণতা




গতকাল আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটিতে) ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে ভুট্টা ও গমের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। তবে সয়াবিনের দাম অপরিবর্তিত ছিল।
দিনশেষে সিবিওটিতে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) সয়াবিন বিক্রি হয় ৯ ডলার ৭৮ সেন্টে, যা আগের দিনের সমান। দিনের শুরুতে প্রতি বুশেল সয়াবিনের দাম কমে ৯ ডলার ৭৬ সেন্টে নেমেছিল, যা ১২ অক্টোবরের পর সর্বনিম্ন।
অবশ্য কিছুদিন থেকেই সিবিওটিতে সয়াবিনের দামে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। মূলত চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রে বাড়তি উত্পাদন ও ব্রাজিলের উত্পাদনকারী অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের খবরে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনার জের ধরে পণ্যটির দাম কমেছে।
এ বিষয়ে মেলবোর্নভিত্তিক কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার কৃষি কৌশল বিভাগের পরিচালক টবিন গোরি বলেন, শীর্ষ সয়াবিন উত্পাদনকারী দেশ ব্রাজিলের উত্পাদনকারী অঞ্চলগুলোয় খরা পরিস্থিতি বিরাজ করছিল। কিছু কিছু এলাকায় গত সপ্তাহ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এ কারণে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সয়াবিন সরবরাহ বাড়তে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্পাদনকারী অঞ্চলগুলো থেকেও সয়াবিন সরবরাহ বেড়েছে। এর জের ধরেই সিবিওটিতে পণ্যটির দামে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে।
এদিকে সিবিওটিতে গতকাল ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় ৩ ডলার ৪৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেশি। অন্যদিকে গতকাল গমের দামও আগের দিনের তুলনায় বেড়েছে।
দিনশেষে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল গম বিক্রি হয় ৪ ডলার ২৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি।