গত ২০ এপ্রিল মুক্তি পেয়েছে অরুণ চৌধুরী পরিচালিত জাকিয়া বারী মম অভিনীত চতুর্থ চলচ্চিত্র ‘আলতাবানু’। রাজধানীর বাইরের ছয়টি সিনেমা হল’সহ রাজধানীর বুসন্ধরা সিনেপ্লক্স-এ প্রদর্শিত হচ্ছে ‘আলতাবানু’।
প্রথমদিন দর্শকের সঙ্গে বসে নিজের অভিনীত এই চলচ্চিত্রটি দেখতে পারেননি মম। কিন্তু পরেরদিন আর মিস করতে চাননি তিনি। তাই নিজের ব্যস্ততার ফাঁকে গত শনিবার বিকেল ৪.২০ মিনিটের শো’তে মম তার নিজের অভিনীত চলচ্চিত্র ‘আলতাবানু’ উপভোগ করেন দর্শকের সঙ্গে। সে সময় তারসঙ্গে অন্যান্য দর্শকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন নির্মাতা অরুণ চৌধুরী, চয়নিকা চৌধুরী, শিহাব শাহীন, বানু চরিত্রে অভিনয় করা শিল্পী ফারজানা রিক্তা’সহ আরো অনেকে।
নিজের অভিনীত চলচ্চিত্র দেখে মম বলেন,‘ অরুণ চৌধুরী দাদার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে এই চলচ্চিত্রে একটি চ্যালেঞ্জিং চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। আলতা আমাদের সমাজের বাস্তব একটি চিত্র। আমাদের সমাজে একটি সমস্যাকে ঘিরে একজন মেয়ে বা নারী কতো ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে তা নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। আমি আলতার অসহায়ত্ব, আলতার সংগ্রামমুখী জীবন পর্দায় দেখে নিজের ভাবাবেগের কাছে হেরে গিয়ে কেঁদেছি আমি। আমি নিজেই বুঝতে পারিনি এই চ্যালেঞ্জিং চরিত্রে কীভাবে অভিনয় করেছি। দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি আমি, তা আমার আশারও অনেক বেশি। দর্শক আমার অভিনয় এতোটা ভালোবাসবেন, নিজের করে নিবেন তা কল্পনাও করিনি আমি। আমি নির্মাতা, প্রযোজনা সংস্থা, আলতাবানু’র আমার প্রত্যেক সহকর্মীর কাছে কৃতজ্ঞ।’
উল্লেখ্য, ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ‘আলতাবানু’ চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন অরুণ চৌধুরী ও বৃন্দাবন দাস।
