দুই মাস আগে আর্নেস্তো কে বরখাস্ত করে বার্সেলোনা। ভালভার্দের স্থলাভিষিক্ত হন কিকে সেতিয়েন। তবে এর আগে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয় জাভি হার্নান্দেজকে। সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
তবে এখন হেড কোচ হয়ে বার্সেলোনায় ফিরতে চান সাবেক কাতালান এই মিডফিল্ডার। রবিবার স্প্যানিশ দৈনিক লা ভাঙ্গুয়ারদিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তার এ ইচ্ছার কথা জানান জাভি।
সাক্ষাৎকারে জাভি হার্নান্দেজ বলেন, ‘আমি পরিষ্কার করেই বলছি, আমি বার্সেলোনায় ফিরতে চাই। আমি খুবই রোমাঞ্চিত। আমি এখন কোচিং করাচ্ছি। আমার ধারণা, আমি ছেলেদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারব।’
তিনি আরো বলেন, ‘তবে আমি তাদেরকে এটা পরিস্কার করেছিলাম যে, শূন্য থেকে শুরু হওয়া একটি প্রকল্পে আমি নিজেকে দেখেছিলাম এবং সেসব সিদ্ধান্ত আমার নেওয়ার ছিল।’

