ক্লাব পরিচালক এরিক আবিদালের সঙ্গে লিওনেল মেসির বিরোধ এখন প্রকাশ্য ঘটনা। দল নিয়ে বার্সা পরিচালক এরিক আবিদালের বিরূপ মন্তব্য মানতে পারেননি আরজেন্টাইন এই সুপারস্টার। আবিদালের আপত্তিকর মন্তব্যে খেপে যান মেসি। তার বার্সা ত্যাগের গুঞ্জনও সৃষ্টি হয়।
তবে মেসি কি ভাবছেন, তা ছিল অজানা। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যমে এক সাক্ষাতকারে মেসি কথা বলেছেন এ বিষয়ে।
মেসি বলেন, ‘দেখুন, আবিদাল দল সম্পর্কে যে মন্তব্য করেছে তা আমার কাছে আক্রমণাত্মক মনে হয়েছে। শুধু তাই নয়, কোচ ও ফুটবলারদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এমন কাজ করেছেন তিনি। একজন ফুটবলার হিসেবে যা কিছুতেই মেনে নিতে পারছি না। কোচকে বরখাস্ত করার সিদ্ধান্তে ফুটবলারদের জড়ানোটা একবারেই ঠিক হয়নি আবিদালের। তবে যেসব গুঞ্জন (বার্সেলোনা ত্যাগ) রটেছে তা সত্য নয়।’
বার্সা পরিচালক আবিদাল বলেছিলেন, ভালভার্দের অধীনে যথেষ্ট মনোযোগী ছিলো না ফুটবলাররা। আবিদালের দাবি ছিল এই কোচের অধীনে খেলোয়াড়রা সেরাটা দিতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এরপরেই চটে যান মেসি।
তিনি বলেন, ‘দলের জন্য ফুটবলাররা ইতিবাচক পারফর্ম করতে মুখিয়ে থাকতো। মাঠ ও মাঠের বাইরে ভালভার্দের সঙ্গে সবার বোঝাপড়াটাও ছিল দারুণ। কিন্তু আবিদালের অভিযোগ অযৌক্তিক। তারপরও আমি জানি না কি কারণে আবিদাল এমন মন্তব্য করেছে।’
আবিদালের বিতর্কিত মন্তব্য, মেসির প্রকাশ্যে প্রতিবাদ- সব কিছুই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এমনকি প্রাণের বার্সা ছাড়ছেন মেসি, বলেও গুঞ্জন উঠেছিল। মেসিকে দলে ভেড়াতে তাকার বস্তা নিয়ে বসেছিলো অনেক ক্লাব, এমন খবরও শোনা গিয়েছিল।

