এবার ঠাকুরগাঁয়ে করোনার দায়িত্ব পালনকারী এক পুলিশ কর্মকর্তাকে বাড়ি ছাড়ার জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে।
ওই পুলিশ কর্মকর্তার নাম নাজমুল হক। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শকের (অপারেশন) দায়িত্ব পালন করছেন।
পুলিশ কর্মকর্তা জানান, বিভিন্ন জায়গায় করোনার দায়িত্ব পালন করায় করোনা ছড়াবে এমন আশঙ্কায় বাড়িওয়ালা তাকে বাড়ি ছেড়ে দেয়ার জন্য চাপ দিচ্ছেন।
এই কর্মকর্তা জানান, ঠাকুরগাঁও পৌর শহরের বাজারপাড়ার বাসিন্দা রতনের বাড়ির দোতালা ভাড়া নেন তিনি ১১ জানুয়ারি। স্ত্রী ও দুই সন্তানসহ তিনি এ বাসাতেই থাকেন।
গত কিছুদিন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করছেন। ঘরের দরজার সামনে ময়লা–আবর্জনা ফেলে রাখেন। আবার সেসব ময়লা-আবর্জনার জন্য তাঁদের গালমন্দ করেন। ছাদে কাপড় শুকাতে যেতে দেখলেই দরজায় তালা ঝুলিয়ে দেন। বাড়ির শিশুদের সঙ্গেও খারাপ আচরণ করেন।
এ বিষয়ে বাড়িওয়ালাকে তাঁর বাড়িতে গিয়েও পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, কিছুদিন আগেও ওই বাড়ির মালিক দুই পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের ঘরছাড়া করেছিলেন বলে অভিযোগ আছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, এই সংকটে দেশের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্যসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের লোকজন জীবনের মায়া ছেড়ে জাতির সেবায় কাজ করে যাচ্ছেন।
দেশে বিদ্যমান ‘সংক্রামক রোগ আইন, ২০১৮’ অনুযায়ী এমন আচরণ শাস্তিযোগ্য অপরাধ। এই অমান্যকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।

