বাড়ি ফেরা হল না পরিযায়ী শ্রমিকদের, ট্রাক চাপায় নিহত ৯



বাড়ি ফেরা হল না পরিযায়ী শ্রমিকদের, ট্রাক চাপায় নিহত ৯

চলমান পরিস্থিতিতে ভারতে করোনায় মৃত্যুর সাথে পাল্লা দিয়ে চলছে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা। এবার পুনরায় আরও এক মর্মান্তিক দুর্ঘটনায় বিহারের ভাগলপুরে ৯ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেইসাথে আহত হয়েছেন বেশ কিছু শ্রমিক।

জানা গেছে, একটি ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। ভাগলপুরের নৌগাছিয়ায় হঠাৎ করে একটি বাসকে ধাক্কা মারে ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের।

পৃথক একটি দুর্ঘটনায় মহারাষ্ট্রে চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতের পথ দুর্ঘটনার পর মঙ্গলবার ভোরে পুনরায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল পরিযায়ী শ্রমিকদের।

মহারাষ্ট্রের ইভাতমালে একটি ট্রাকের সঙ্গে পরিযায়ী শ্রমিকদের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত চার জন পরিযায়ী শ্রমিকের। গুরুতর আহত আরও ১৫ জন। জানা গিয়েছে বাসটি সোলাপুর থেকে ঝাড়খণ্ডের উদ্দেশে যাচ্ছিল।

অন্যদিকে সোমবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ৩ পরিযায়ী শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ১২ জনকে।