বায়ু দূষণ: ভারত-পাকিস্তানের হাজার হাজার স্কুল বন্ধ




ভয়াবহ বায়ু দূষণে ভারত-পাকিস্তানের হাজার হাজার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের উত্তরাঞ্চলের একটি বড় অঞ্চল জুড়ে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো মারাত্মক বিষাক্ত ধোঁয়াশা অব্যাহত রয়েছে।  এর ফলে কর্তৃপক্ষ স্কুলসমূহ বন্ধ করে দিয়েছে।
চিকিৎসকরা এই ঘটনাকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে ঘোষণা করেছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
শীতের শুরুতে দিল্লিতে বায়ুদূষণ হয় প্রতিবছর। গাড়ির নিগর্মন তো রয়েছেই, নিষেধাজ্ঞা সত্ত্বেও দেওয়ালিতে বাজি পোড়ানো বন্ধ থাকেনি, পাশাপাশি এখন তার সঙ্গে যোগ হয়েছে দিল্লির আশেপাশের রাজ্য, যেমন পাঞ্জাব বা হরিয়ানায় চাষের ক্ষেতে ফসলের গোড়া পুড়িয়ে দেওয়ার ফলে সৃষ্ট বায়ু দূষণ।
পরিবেশ সংস্থাগুলো ও দিল্লির বাসিন্দারা সবাই প্রায় একবাক্যে বলছেন, শহরের বাতাস আর মোটেই স্বাভাবিক জীবনযাপনের উপযুক্ত নেই এবং জনস্বাস্থ্য যেরকম মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে তাতে দ্রুত ব্যবস্থা নেওয়া এখন অত্যন্ত জরুরি।
পাঞ্জাব সরকার জানিয়েছে, তারা রাজ্যের ২৫ হাজার স্কুলের সবগুলো বন্ধ করে দিয়েছে। দূষিত বাতাস উত্তর ভারত ও পাকিস্তানের কিছু অংশ ঢেকে রেখেছে। দিল্লী কর্তৃপক্ষ রোববার পর্যন্ত ছয় হাজার স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে। এর একদিন পর পাঞ্জাব সরকারের ঘোষণাটি এলো।