বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের আগে আকস্মিকভাবে আশপাশের জেলাগুলো থেকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজ দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই জনসভায় ঢাকা নগরীর বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকাগুলো থেকে বিএনপি নেতা-কর্মীদের যোগ দেওয়ার কথা।
বিএনপি অভিযোগ করেছে, এই সমাবেশে বাইরে থেকে লোক আসা ঠেকাতে ঢাকার আশপাশের জেলার পরিবহন মালিকদের গাড়ি চলাচল কমিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা। এ ছাড়া ঢাকার মধ্যেও গণপরিবহন চলাচল কমানোর কথা বলা হয়েছে। ঢাকার আশপাশের গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে সকাল থেকে ঢাকামুখী গাড়ি কম চলাচল করছে। ঢাকা থেকেও কম গাড়ি এসব জেলার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
পুলিশ এই অভিযোগ প্রত্যাখ্যান করে পরিবহন শ্রমিকদের দায়ী করেছে। পরিবহন শ্রমিকরা দুষছেন মালিকদের। ঢাকা নগরীর ভেতরে সকালে গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাস চলাচল কমে যায়।
পরিবহন শ্রমিকদের কাছে কারণ জানতে চাইলে তারা বলেন, বিএনপির লোকজন বাস নিয়ে গেছে। আবার তাদের বাস দেওয়া এড়াতে অনেকে গাড়ি নামাননি। নারায়ণগঞ্জের ভুলতা থেকে গুলিস্তানের আশিয়ান, গ্লোরি এবং কলাবাগান রুটের মেঘলা পরিবহনের বাস সকাল থেকেই বন্ধ রয়েছে। পণ্যবাহী গাড়ি ছাড়া ঢাকাগামী সব ধরনের বাস গাজীপুরের চান্দনা-চৌরাস্তা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে মানিকগঞ্জ থেকে সকালের দিকে কিছু গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়েছে। তবে ১০টার পর থেকে এটা অনেকটাই কমে এসেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা বাস মালিকদের বাস চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন বলে সেখানকার বাস মালিক সমিতির নেতারা জানিয়েছেন।
আরও পড়ুন; সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি
২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি
