প্রভাবশালী সাময়িকী টাইম-এর প্রকাশনা সংস্থা টাইম ইনকরপোরেটেড বিক্রি হয়ে যাচ্ছে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মার্কিন আরেকটি গণমাধ্যম প্রকাশনা সংস্থা মেরেডিথ করপোরেশন ২৮৪ কোটি ডলারে টাইম কিনে নেওয়ার চুক্তি করেছে।
আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার মেরেডিথ করপোরেশন জানিয়েছে, টাইম সাময়িকী, পিপল, স্পোর্টস ইলাস্ট্রেটেড, এন্টারটেইনমেন্ট উইকলি ও ফরচুন সাময়িকীসহ পুরো প্রকাশনা সংস্থা টাইম ইনকরপোরেটেড কেনার জন্য ইতিমধ্যে চুক্তি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টাইম ইনকরপোরেটেড কেনার জন্য মেরেডিথ করপোরেশনকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছেন মার্কিন রক্ষণশীল মতবাদে বিশ্বাসী ধনকুবের দুই ভাই চার্লস ও ডেভিড কোখ।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৪ সালে টাইম সাময়িকী থেকে টাইম ওয়ার্নার পৃথক হয়ে যাওয়ায় পর থেকে টাইমের বিজ্ঞাপন আয় কমতে শুরু করে। নভেম্বরে সংস্থাটির তৃতীয় প্রান্তিকের মুনাফা ৯ দশমিক ৫ শতাংশ কমেছে। যার আর্থিক মূল্য ৬৭ কোটি ৯০ লাখ ডলার।
টাইমের চেয়ারম্যান জন ফাহে এক বিবৃতিতে বলেন, টাইম ইনকরপোরেটেড ও এর অংশীদারদের স্বার্থ বিবেচনায় প্রতিষ্ঠানটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেরেডিথের প্রধান নির্বাহী স্টিফেন লাসি বিবৃতিতে বলেন, টাইম ও মেরেডিথ যুক্ত হয়ে গেলে প্রতিষ্ঠানটির পাঠক সংখ্যা দাঁড়াবে ১৩ কোটি ৫০ লাখে। আর টাকা দিয়ে পড়বেন এমন গ্রাহকের সংখ্যা প্রায় ৬ কোটি হবে। এ ছাড়া ইন্টারনেটে মেরেডিথের প্রকাশিত সাময়িকীর যুক্তরাষ্ট্রেই মাসিক ইউনিক পাঠক হবে ১৭ কোটি আর বছরে ১০ বিলিয়নের বেশিবার ভিডিও দেখবেন পাঠকেরা।
মেরেডিথ জনপ্রিয় ফ্যামিলি সার্কেল, বেটার হোমস অ্যান্ড গার্ডেনস সাময়িকী প্রকাশ করে। এ ছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে তাদের বেশ কিছু টেলিভিশন চ্যানেলও আছে। এর আগে আইওয়া-ভিত্তিক প্রকাশনা সংস্থা মেরেডিথ দুবার টাইম সাময়িকী কেনার চেষ্টা করে ব্যর্থ হয়।
