ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন বাংলাদেশি অভিনেত্রী অঞ্জু ঘোষ। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ চলচ্চিত্রের জন্য দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীর বসবাস রয়েছে বাংলাদেশের পাশাপাশি ভারতেও।
বুধবার কলকাতায় বিজেপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। এসময় অঞ্জুর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দীলিপ ঘোষ।
অঞ্জু ঘোষকে দলে নিয়ে বিজেপি নেতা দীলিপ ঘোষ বলেন, ‘আজকে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জু ঘোষ আমাদের দলে যোগ দিচ্ছেন। দীর্ঘ দিন ধরে তিনি বিজেপিতে যোগ দিতে চাইছিলেন। আজকে আমরা সত্যিকার বেদের মেয়ে জ্যোৎস্নাকে পেলাম এবং তাকে দলে পেয়ে আমরা খুশি।’
‘বেদের মেয়ে জ্যোৎস্না’সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা অঞ্জু ঘোষ পরে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে বর্তমান নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন অঞ্জু ঘোষ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কলকাতার সল্ট লেকে বসবাস করছেন ৬৩ বছর বয়সী এই বাংলাদেশি অভিনেত্রী।
এর আগে, গত এপ্রিলে পশ্চিমবঙ্গে ছবির শুটিংয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর ভোটের প্রচারে গিয়ে বিজেপির তোপের মুখে পড়েন ফেরদৌস। পরে তার ভিসা বাতিল করে দেশ ত্যাগের নির্দেশ দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
https://www.facebook.com/BJP4Bengal/videos/933315820333115/

