একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন নোবেল ও পূর্ণিমা। রানা মাসুদের নির্দেশনায় রাজধানীর উত্তরায় অবস্থিত জমজম টাওয়ার শপিং কমপ্লেক্স’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন তারা।
শুক্রবার দিনব্যাপী শপিং কমপ্লেক্স-এ বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে নোবেল বলেন, ‘পূর্ণিমা খুব সিরিয়াস একজন শিল্পী। তার কাজে আমি মুগ্ধ। রানার নির্দেশনায় এর আগেও কাজ করেছি। বেশ যত্ন নিয়ে কাজ করেন তিনি। ’
এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘এর আগে নোবেল ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করেছি। দেশের বাইরে এবং দেশের মধ্যেও স্টেজ শো’তে অংশ নিয়েছি। কিন্তু এবারই প্রথম তার সঙ্গে বিজ্ঞাপনে জুটি হয়ে কাজ করেছি। তার সঙ্গে যতোগুলো কাজ করার প্রস্তাব এসেছে, আমি বেশ উৎসাহ নিয়ে কাজ করেছি। সবমিলিয়ে কাজটি খুব ভালো হয়েছে।’
হুমায়ূন আহমেদ’র ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন নোবেল ও পূর্ণিমা। এরপর আর নাটকে অভিনয় করা হয়নি। ‘গ্র্যান্ড জমজম টাওয়ার লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন জানান আগামী দশ দিনের মধ্যেই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
