বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর খেলোয়াড় নিবন্ধনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে ফিফার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
তিনজন বিদেশি খেলোয়াড় আর্থিক পাওনা নিয়ে নালিশের পর এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। ৩ বছর আগে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার জন্য ট্রায়াল দিতে এসেছিলেন স্লোভাকিয়া, মন্টেনেগ্রো ও সার্বিয়ার তিন খেলোয়াড়। তাদের রেজিস্ট্রেশন না করালেও দেনা-পাওনার একটা ঝামেলা ছিল।
সেই তিন ফুটবলার আলাদা আলাদাভাবে ফিফার কাছে অভিযোগ করেছিল এই দেনা-পাওনা নিয়ে। তখন ফিফা প্রায় এক লাখ ডলার জরিমানা করেছিল সাইফকে।
কিন্তু এ সময়ের মধ্যে জরিমানার টাকা প্রদান না করায় ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, সাইফ স্পোর্টিং ক্লাব সমস্যা সমাধানের আগে স্থানীয় বা বিদেশি কোন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না।

