বিপুল পরিমাণ অর্থ কর ফাঁকি দিয়েছে গুগল




টেক জায়ান্ট গুগল কর পরিহার কৌশল ব্যবহার করে বৈশ্বিক মুনাফার ওপর ৩৭০ কোটি ডলার কর ফাঁকি দিয়েছে । সম্প্রতি নেদারল্যান্ডসের নিয়ন্ত্রক সংস্থায় জমা দেয়া এক নথিতে এমন তথ্যই উঠে এসেছে।
গুগলের মতো বড় প্রতিষ্ঠানগুলো মার্কিন করনীতিতে কিছু ফাঁকফোকরকে সুযোগ হিসেবে ব্যবহার করে। এক্ষেত্রে এসব কোম্পানি আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো কম করহারের দেশগুলোকে বেছে নেয়। আয়কৃত অর্থ এসব নিম্ন করহারের দেশে সরিয়ে নেয় বৃহৎ প্রতিষ্ঠানগুলো। পরে এসব দেশ থেকে সে অর্থ বারমুডা ও কেম্যান দ্বীপের মতো কর স্বর্গ বা ট্যাক্স হ্যাভেনে সরিয়ে নিতে পারে। বিশেষ এ কৌশলকে ‘ডাচ স্যান্ডউইচ’ বা ‘ডাবল আইরিশ’ বলা হয়।
বৈশ্বিক মুনাফার ওপর কর ফাঁকি দিতে দুই ধরনের কর পরিহার কৌশলই ব্যবহার করে আসছে গুগল। এ দুই কৌশল ব্যবহার করে প্রথমে আইরিশ কর্মীবিহীন সাবসিডিয়ারির মাধ্যমে একটি ডাচ কোম্পানিতে অর্থ স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখান থেকে আয়ারল্যান্ডে নিবন্ধিত বারমুডার একটি কোম্পানিতে রাজস্ব সরিয়ে নেয়া হয়।
ব্লুমবার্গের তথ্যমতে, গুগল ২০১৬ সালে বিশেষ কর পরিহার কৌশল ব্যবহার করে যে পরিমাণ অর্থ কর স্বর্গে স্থানান্তর করেছে, এক বছর আগের তুলনায় তা ৭ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটি কর্তৃক ডাচ চেম্বার অব কমার্সে গত ২২ ডিসেম্বর জমা দেয়া নথিতে বিষয়টি উঠে এলে এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে নেদারল্যান্ডসের একটি স্থানীয় সংবাদ মাধ্যম।
এতে বলা হয়, গুগল এ কাজে নেদারল্যান্ডসের একটি অঙ্গপ্রতিষ্ঠান ব্যবহার করছে। এক যুগের বেশি সময় ধরে কর্মীবিহীন এ প্রতিষ্ঠানকে কর ফাঁকির জন্য ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।