রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৪ মার্চ) ভোরে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা কিশোর জানায়, তারা বিমানবন্দর রেলস্টেশনেই থাকে। শুক্রবার দিবাগত মধ্য রাতে রাজু, পায়তারাসহ তিনজন কিশোরীটিকে ডেকে নিয়ে যায়। পরে তিনজন মিলে ধর্ষণ করে তাকে। পরে তাকে উদ্ধার করে শনিবার ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ভোরে ওই কিশোরীকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার (এসআই) শরিফ হোসেন জানান, শুক্রবার দিনগত রাতে বিমানবন্দর রেলস্টেশনের পূর্ব পাশে বিমান মাঠ নামক স্থানে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এরকম একটি সংবাদ তারা পেয়েছেন। বিষয়টির বিস্তারিত জানতে তারা কাজ শুরু করেছেন।

