দিনাজপুরের বিরলে পাটকলশ্রমিকদের বিক্ষোভের সময় গুলিতে একজন নিহত হয়েছেন। সেইসাথে আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। জানা যায়, বিরল উপজেলায় রূপালী জুট মিলের সামনে বকেয়া বেতনের দাবিতে এই বিক্ষোভ করেন পাটকলশ্রমিকরা।
নিহত ব্যক্তির নাম সুরত আলী (৩৬)। তিনি পাটকলের পাশের চায়ের দোকানি ও বিরল পৌর এলাকার হোসনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বিরল ইউনিয়নের রবিপুর গ্রামে পাটকলের প্রধান ফটকে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, শ্রমিকদের হামলায় ৩ পুলিশ সদস্যও আহত হয়েছেন। শ্রমিকদের শান্ত করার চেষ্টা করা হয়েছে। পুলিশের কথায় কর্ণপাত না করে তাঁরা কারখানা ভাঙচুর করেছিলেন।
পুলিশ বাধা দিলে একপর্যায়ে উল্টো পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং পরে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে।
বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল মোকাদ্দেস জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

