ক’দিন আগেই জন্ডিস হয়েছে বলে শুটিং বাতিল করেছেন ইরফান খান। কিন্তু, সোমবার বিকেলে ইরফানে খানের একটি টুইট ঘিরে তৈরি হয়েছে রহস্য।
অভিনেতা নিজেই জানিয়েছেন, ‘বিরল রোগ’-এ আক্রান্ত হয়ে অসুস্থ তিনি। তাই তিনি যে জন্ডিসে আক্রান্ত নন, তাঁর টুইটই সে কথা প্রমাণ করে দিচ্ছে।
টুইটে তিনি লিখেছেন, ‘এক এক সময় জীবন অপ্রত্যাশিত ঝটকা দিয়ে আপনাকে জাগিয়ে তোলে। গত ১৫ দিন ধরে আমি জীবন একটা রহস্যের মতো মনে হচ্ছে। বিরল গল্পের খোঁজগিয়ে আমি যে নিজেই বিরল রোগে আক্রান্ত হব, তা কখনও ভাবতেও পারিনি। যদিও আমি হাল ছাড়ছি না। আগের মতোই নিজের পছন্দের জন্য লড়াই করে যাব।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই সময়ে তাঁর পরিবার ও বন্ধুরা পাশে রয়েছেন।
ইরফান তাঁর টুইটে স্পষ্ট আবেদন করেছেন, তাঁর অসুস্থতা নিয়ে কোনও প্রকার জল্পনা না করার। আগামী ক’দিনের মধ্যে নিজেই সবটা জানাবেন বলে লিখেছেন অভিনেতা।
