২০১১ সালে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে পাতানো নিয়ে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা সরকার। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। সেইসাথে তদন্ত কমিটিকে দুই সপ্তাহ পরপর অগ্রগতির রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয়েছে।
জানা যায়, শ্রীলঙ্কার সে সময়ের ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগের সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্যে আবারও আলোচনায় আসে বিশ্বকাপের ফাইনাল পাতানোর বিষয়টি। আগে থেকেই ম্যাচটি নিয়ে নিজের সন্দেহ প্রকাশ করেছিলেন সেই দলের সদস্য মুত্তিয়া মুরালিধরন ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।
আর আলুথগামাগের অভিযোগে, তা পেলো ভিন্ন মাত্রা। ফলে এবার আর বসে থাকেনি দেশটির সরকার। একটি তদন্ত কমিটি করা হয়েছে বিষয়টি অনুসন্ধানে। যাদের দুই সপ্তাহ পরপর অগ্রগতির প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়েছেন লঙ্কার ক্রীড়ামন্ত্রী দুলাস আলাহাপেরুমা। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান পরিস্কার করেছেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।
নয় বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে প্রথমে ব্যাট করে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। সেদিন ১০ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত।

