চার বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে তামার বাজার। লন্ডনের মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ।
এদিন পণ্যটি টনপ্রতি ৭ হাজার ২৩৬ দশমিক ৫০ ডলারে (প্রতি পাউন্ড ৩ দশমিক ২৮ ডলার হিসাবে) লেনদেন হয়। এর আগে পণ্যটির দাম ৭ হাজার ২৫৯ ডলারে পৌঁছে যায়, যা ২০১৪ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। এ নিয়ে টানা নয়দিন তামার দাম বেড়েছে, যা ২০০৪ সালের পর থেকে দীর্ঘ মূল্যবৃদ্ধির রেকর্ড।
চলতি বছরের এ পর্যন্ত পণ্যটির দাম ৩১ শতাংশ বেড়েছে। এলএমইতে মূল্যবৃদ্ধির তালিকায় পণ্যটি দ্বিতীয় অবস্থানে আছে। এ তালিকায় শীর্ষে আছে অ্যালুমিনিয়াম।
নিউইয়র্কের কোমেক্সে মার্চে সরবরাহের চুক্তিতে তামার দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। এদিন পণ্যটি পাউন্ডপ্রতি ৩ দশমিক ২৮৬ ডলারে লেনদেন হয়। হংকংয়ে জিয়াংজি কপারের দাম বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ। শেনঝেনে টংলিং ননফেরাসের দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে, যা গত ৯ নভেম্বরের পর থেকে সর্বোচ্চ সমাপনী দামের রেকর্ড।
পরিবেশ দূষণ ঠেকাতে গত সোমবার প্রাদেশিক সরকার জিয়াংজি কপার কোম্পানিকে উৎপাদন কমিয়ে আনার নির্দেশ দেয়। এরই জের ধরে প্রতিষ্ঠানটি সব ধরনের উৎপাদন বন্ধ রাখার উদ্যোগ নেয়। প্রাদেশিক সরকারের আদেশে প্রতিষ্ঠানটিকে স্থানীয় পর্যায়ে দূষণ পরিমাপ শুরুর অন্তত এক সপ্তাহ আগে উৎপাদন বন্ধ করতে বলা হয়।
প্রতিষ্ঠানটি বছরে ১০ লাখ ২০ হাজার টন তামা উৎপাদনে সক্ষম। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির কর্মীরা জানান, খরচ কমিয়ে আনতে জিয়াংজি কপার কোম্পানি পরিশোধন চালু রেখে শুধু বিগলন কার্যক্রম বন্ধ রাখতে আগ্রহী। এ ব্যাপারে প্রতিষ্ঠানটি প্রাদেশিক সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে দেশটির দ্বিতীয় শীর্ষ তামা উৎপাদন টংলিং ননফেরাসে মেটাল গ্রুপকেও একই কারণে ৩০ শতাংশ পর্যন্ত উৎপাদন কমিয়ে আনতে বলা হয়।
শিকাগোভিত্তিক হাই রিজ ফিউচারসের পরিচালক ডেভিড মেগার বলেন, চীনে উৎপাদন বন্ধের খবর স্বাভাবিকের তুলনায় তামার বাজারকে বেশি উদ্দীপ্ত করে তুলেছে।
ইন্টারন্যাশনাল কপার স্টাডি গ্রুপ জানায়, ২০১৭ সালের প্রথম নয় মাসে তামার বৈশ্বিক ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার টন।
এক সাক্ষাত্কারে ইউবিএসের পণ্যবাজার বিভাগের প্রধান ডমিনিক স্নাইডার জানান, ২০১৮ সালে তামার দাম ৭ হাজার ৪০০ ডলারে পৌঁছে যেতে পারে।
