রেকর্ড মূল্যে বার্সেলোনা থেকে পিএসজি। পূর্বের সব দলবদলের রেকর্ড ভেঙে ফেলা নেইমার এখন ফুটবল জগতের আলোচনার কেন্দ্র বিন্দুতে। ফরাসী ক্লাব যেমন নেইমারকে বরণ করার প্রহর গুনছে, তেমনি কাতালান দলটির ভক্ত সমর্থকরা তাকে চিহ্নিত করছে একজন বিশ্বাসঘাতক হিসেবে।
বার্সেলোনার উঠে আসার নায়ক কে? নিঃসন্দেহে বলা যায় ব্রাজিলের রোনালদিনহোর নাম। রোনালদিনহোর হাত ধরেই মেসির এগিয়ে যাওয়া, বার্সার তারকা বনে যাওয়া। কোনো কোনো জায়গায় রোনালদিনহোকেও ছাড়িয়ে গেছেন মেসি। বার্সেলোনার পরম্পরায় মেসির পর নেইমার দায়িত্ব নিবে, দলের প্রধান কান্ডারী হবেন এমন আশায় ছিল কাতালান ভক্তদের। তাই টাকার কাছে হার মেনে নেইমারের চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না তারা।
তারই জের ধরে ন্যু ক্যাম্পের বাইরে নেইমারকে বিশ্বাসঘাতক ও ভাড়াটে উল্লেখ করে পোস্টার লাগিয়েছে বার্সার সমর্থকরা। নেইমারের ছবি সম্বলিত সেই পোস্টারে লেখা রয়েছে, ‘ওয়ান্টেড : বিশ্বাসঘাতক, ওয়ান রেডস। ভাড়াটেদের অবশ্যই যেতে হবে। বার্সেলোনা কেবল সেইসব খেলোয়াড়দের যারা শার্টকে ভালোবাসে।’

এদিকে, বুধবার নিয়মমাফিক অনুশীলনেও এসেছিলেন নেইমার। তবে অনুশীলন করেননি। কিছু সময় সেখানে ছিলেন সতীর্থদের বিদায় জানাতে। এ ব্যাপারে বার্সার এক মুখপাত্র ইএসপিএনকে বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী নেইমার ট্রেনিংয়ে এসেছিলেন। ক্লাব ছাড়ার ইচ্ছা থাকায় সে তার টিমমেটদের বিদায় বলে দিয়েছে। এ পরিস্থিতিতে কোচ তাকে অনুশীলন না করার অনুমতি দিয়েছেন। ’
উল্লেখ্য, নেইমারের এজেন্ট তার বাবা এখন প্যারিসে। কাতালান ক্লাব বার্সেলোনাও নেইমারকে তার দল বদলের আনুষ্ঠানিকতা সারতে ছুটি দিয়েছে। ইএসপিএন এর মতে, নেইমার এখন লন্ডনে যাবেন সেখান থেকে চুক্তি সম্পন্ন করে প্যারিসের উদ্দেশ্যে নতুন যাত্রা শুরু হবে।
