বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম রাশিয়ার ক্ষেপণাস্ত্র




রাশিয়া বিশ্বের যে কোনও জায়গায় হানা দিতে সক্ষম নতুন একটি অপরাজেয় ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত বৃহস্পতিবার রাশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্ররলামেন্টে দেয়া শেষ ভাষণে পুতিন এ দাবি করেন।
এ সময় পুতিন ভিডিও উপস্থাপনার মাধ্যমে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন থেকে চালু করা যায়, এমন মানুষবিহীন যানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। রুশ নাগরিকদের কাছে এই দুই ব্যবস্থার উপযুক্ত নামও আহ্বান করেছেন তিনি।
পুতিন বলেন, নতুন ক্ষেপণাস্ত্র ইউরোপ ও এশিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। তাঁর ভাষায়, ‘বিশ্বের যেকোনো স্থানে’ আঘাত হানতে পারবে এই ক্ষেপণাস্ত্র। এটি পরমাণু শক্তিধর ক্ষেপণাস্ত্র।
টিভিতে সম্প্রচারিত দু’ঘণ্টার ভাষণে পুতিন দুই পদ্ধতির এ পারমাণবিক অস্ত্রের নামকরণ করার জন্য রুশ নাগরিকদের আহ্বান জানান।
তিনি বলেন, নতুন ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করা কঠিন, এটি অসীম পাল্লার, দুর্ভেদ্য এবং অপরাজেয়। বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো ক্ষেপণাস্ত্র পতিরক্ষা ব্যবস্থা কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারবে না।
পুতিনের উল্লিখিত নতুন অস্ত্রগুলোর মধ্যে রয়েছে: একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ছোট পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র, পানির নিচে চলাচলে সক্ষম পারমাণবিক ড্রোন, একটি সুপারসনিক অস্ত্র এবং লেজার অস্ত্র।
রাশিয়ার সামরিক শক্তি বিশ্বে শান্তিরক্ষার উদ্দেশ্য নিয়েই গড়ে তোলা হয়েছে বলে পুতিন ভাষণে যুক্তি দেখিয়েছেন। তবে তিনি এও বলেন, কেউ রাশিয়ার দিকে পারমাণবিক অস্ত্রের আঘাত হানলে তাৎক্ষণিকভাবে এর পাল্টা জবাব দেওয়া হবে। তাছাড়া, রশিয়ার মিত্রদেশগুলোর ওপর হামলাকেও নিজেদের ওপর হামলা ধরে নিয়ে মস্কো এর জবাব দেবে।
রাশিয়ায় নির্বাচনের আর মাত্র ১৭ দিন বাকি। চতুর্থ বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন পুতিন। ১৮ মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে আরো সাত প্রতিযোগীর সঙ্গে লড়বেন পুতিন। তবে তাদের কেউই তেমন জনসমর্থন আদায় করতে পারেনি।