বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান বিশ্রামে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। অনলাইনভিত্তিক এক সংবাদমাধ্যম এই খবর সম্পর্কে অবহিত করেছে বলে জানা যায়।
তার বেশকিছু ছবি একের পর এক ফ্লপ করার দায় ভালোভাবেই নিজের উপরে চেপেছে। শাহরুখ খানের সর্বশেষ হিট ছবি ছিল হ্যাপি নিউ ইয়ার। এর পরের সব ছবিই ব্যর্থ হয়েছে, মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।
জানা গেছে, শাহরুখ খান এক প্রশ্নোত্তর পর্বে নিজ মুখেই বিরতি নেয়ার কথা বলেছেন। শাহরুখ বলেন, ‘এ মুহূর্তে কী করব কিছুই ঠিক করিনি। আমি চলচ্চিত্রের কথাবার্তা শুনছি, আমি আরো কিছু সময় নেব। তারপর জুনের দিকে নতুন ছবিতে অভিনয়ে ফিরতে পারি।’
এক প্রতিবেদনে বলা হয়েছে, কিং খানের এ রকম দুরবস্থা বলিউড আগে কখনো দেখেনি। তার ছবি ফ্যান, ডিয়ার জিন্দেগি, রেইস, জব হ্যারি মেট সেজল ও জিরোর মতো ছবিগুলো বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।
তবে সম্প্রতি কিং খানের নতুনভাবে ফেরার একটি উদ্যোগও ছিল। যদিও রেইস ও ডিয়ার জিন্দেগি ছবি দুটোয় শাহরুখ নিজেকে নিয়ে পরীক্ষা করার উদ্দেশ্যে খানিকটা ভিন্ন ধরনের চরিত্রে হাজির হয়েছিলেন। কিন্তু তাতেও তিনি সাফল্য পান নি।

