কয়েক দিন পরপরই বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান সংবাদ শিরোনাম হচ্ছেন নেতিবাচক ঘটনায়। জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে খেলা চলাকালীন কিশোর পিটিয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিলেন সাব্বির রহমান। এ ঘটনার শাস্তি হিসেবে সাব্বিরকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়াও সাব্বিরকে ২০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
এ বিষয়ে সভাপতি নাজমুল হাসান জানান, সেই ঘটনার শাস্তি হিসেবে জাতীয় দলের এ ক্রিকেটারকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়াও সাব্বিরকে ২০ লাখ টাকা জরিমানা গুনতে হবে।
অবশ্য সাব্বিরের শাস্তির এখানেই শেষ নয়। আগামী ছয় মাস ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন না তিনি। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট লিগ এবং ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না সাব্বিরের।
এছাড়া শাস্তি দেওয়া হয়েছে তামিম ইকবালকেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন উইকেটের সমালোচনা করেছিলেন জাতীয় দলের এ ওপেনার। গত ১৪ ডিসেম্বর শুনানির পর আজ তামিমের ৫ লাখ টাকা জরিমানা ধার্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
উল্লেখ্য, ২১ ডিসেম্বর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় লিগের শেষ রাউন্ডে রাজশাহী-ঢাকা মহানগরের ম্যাচের দ্বিতীয় দিনে ঘটেছে ঘটনাটি। তখন মহানগর প্রথম ইনিংসে ব্যাটিং করছে। সাব্বির খেলেছেন রাজশাহীর হয়ে। ড্রেসিংরুম থেকে নেমে সাব্বির যাচ্ছিলেন মাঠের দিকে। এ সময় গ্যালারি থেকে তখন তাঁকে উদ্দেশ করে কেউ একজন ‘ম্যাঁও’ বলে চিৎকার করে। ওই সূত্রটির অনুমান, সাব্বিরের ধূসর চোখের কারণেই হয়তো মজা করতে চেয়েছে সেই কিশোর।
খেলা চলার সময় পরিচিত কাউকে দিয়ে ওই দর্শককে ধরে আনেন সাব্বির। মাঠের দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদের কাছ থেকে অনুমতি নিয়ে খেলা ফেলেই সাইটস্ক্রিনের পেছনে ১০-১২ বছর বয়সী ওই কিশোর দর্শককে মারধর করেন এই ব্যাটসম্যান।
এর পর বেলা ৪টার সময় ম্যাচ রেফারি শওকাতুর রহমানকে মৌখিকভাবে বিষয়টি জানান রিজার্ভ আম্পায়ার শওকত আলী। পরের দিন সাব্বির ও দলের ম্যানেজারকে ডাকেন ম্যাচ রেফারি। ম্যাচ রেফারির সামনে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন সাব্বির। যদি এটা নিয়ে বিসিবিকে কোনো প্রতিবেদন দেওয়া হয় তবে অসুবিধা হবে বলে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের হুমকি-ধমকি দিতে থাকেন বলে অভিযোগ উঠেছে। তিনি এও নাকি বলেন, এ ঘটনার বিচারের ভার মোটেও ম্যাচ রেফারির নয়! এনিয়ে সাব্বিরের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে প্রতিবেদন জমা দিয়েছেন ম্যাচ রেফারি শওকাতুর রহমান।
