বনের হিংস্র বিড়ালের অত্যাচারে টেকা দায়। বনের পাখিগুলোকে ধরে ধরে খেয়ে ফেলেছে সেসব বিড়াল। আর তাই ২০২০ সাল পর্যন্ত প্রায় ২০ লাখ বিড়াল মারার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
এমন এক খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার বনগুলোতে প্রতিদিন প্রায় ১০ লাখেরও বেশি পাখি হত্যা হয় বন্য বিড়ালগুলোর আক্রমণে। এ কারণে দেশটির অনেক প্রজাতির পাখি এখন বিলুপ্তির পথে।
চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, বিড়ালগুলো যে হারে পাখি মারছে এটি অব্যাহত থাকলে অনেক প্রজাতির পাখি অচিরেই বিলুপ্ত হয়ে যাবে।
বায়োলজিক্যাল কনভারসেশন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, দেশটিতে বন বিড়ালগুলো প্রতিবছর সাড়ে ৩১ কোটি এবং পোষা বিড়ালগুলো বছরে ৬ কোটি ১০ লাখ পাখি হত্যা করে।
এই কারণেই বিড়ালের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
কিভাবে মারা হবে এ বিড়াল? প্রতিবেদনে জানা যায়, অস্ট্রেলিয়া বনের লাখ লাখ হেক্টর জমিতে বিমান থেকে ফেলা হবে বিষাক্ত সস।
এসব সস খেয়েই মারা যাবে বিড়াল গুলো। ২০২০ সাল পর্যন্ত এমন অভিযান চালাবে অস্ট্রেলিয়া সরকার। ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২০ লাখের অধিক বিড়াল মারা পড়বে।

