বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এক নারী। এ ঘটনায় বিয়ের জন্য চাপ দিলে ওই নারীকে মারধর করেন সাজ্জাদ হোসেন সজল (২১) নামের ওই যুবক।
বিয়ে না করে ওই নারীর চুল কেটে দেন ওই যুবক। শনিবার সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
জানা যায়, গত কয়েক মাস ধরে ব্যাংক কলোনী এলাকার এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন তার প্রতিবেশী মুদি দোকানদার সাজ্জাদ হোসেন সজল। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সাজ্জাদ হোসেন সজলকে বিয়ের জন্য চাপ দেন।
কিন্তু বিয়ে না করে সাজ্জাদ হোসেন সজল ওই নারীকে মারধর করে বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে গুম করার হুমকি দেন। সেইসঙ্গে ওই নারীর মাথার চুল কেটে দিয়ে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন সজল।
পরে ওই নারী গতকাল শুক্রবার রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ওই মুদি দোকানদারকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় আজ সকালে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করে।

