বুশের দিকে জুতো-ছোঁড়া সেই সাংবাদিক আবারো আলোচনায়




সাদ্দাম হোসেনের পতনের পাঁচ বছর পর। বাগদাদ সফরের সময় এক সংবাদ সম্মেলন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের দিকে জুতো ছুঁড়ে মেরেছিলেন এক ইরাকি সাংবাদিক । সম্মেলনে হঠাৎ উঠে দাঁড়িয়ে জর্জ বুশকে ‘কুকুর’ বলে সম্বোধন করে দু’পাটি জুতো ছুঁড়ে মারেন আল-বাগদাদিয়া টিভির সাংবাদিক মুনতাদের আল-জায়েদি।
দশ বছর আগের সেই ঘটনা আল-জায়েদিকে রাতারাতি আরব বিশ্বে একজন ‘হিরো’ বা নায়কোচিত ব্যক্তিতে পরিণত করে। যদিও একজন বিদেশী নেতাকে আক্রমণ করার অভিযোগে আকে ১২ মাসের কারাদণ্ড দেয়া হয়। তিনি ৯ মাস জেল খাটার পর বেরিয়ে আসেন।
জেল থেকে ছাড়া পেয়ে আল-জায়েদি সাংবাদিকতা ছেড়ে ইউরোপে চলে যান। সেখানে তিনি ইরাকি যুদ্ধের শিকারদের জন্য একটি মানবিক প্রতিষ্ঠান খোলেন।
সম্প্রতি আবারো আলোচনায় এসেছেন সেই মুনতাদের আল-জায়েদি। তিনি এখন ইরাকের পার্লামেন্টের সদস্য হবার জন্য ভোটে দাঁড়াচ্ছেন। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাচনে শিয়া নেতা মোক্তাদা আল-সদরের জোটের সমর্থক একজন প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন আল-জায়েদি।
উল্লেখ্য, জুতো ছোঁড়ার বিষয়ে প্রেসিডেন্ট বুশ বলেছিলেন, তিনি এতে রাগ করেননি বরং আমোদ পেয়েছেন। ‘আমি প্রেসিডেন্ট হিসেবে বহু বিচিত্র ঘটনা দেখেছি, তবে সবচেয়ে আজব ঘটনা ছিল এটাই’।