বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর জনজীবন




নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শনিবারও বৃষ্টি হবে। কোথাও থেমে থেমে, কোথাও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
এর প্রভাবে আজ সারাদিন এবং কালও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। প্রচন্ড বৃষ্টিপাতের প্রভাবে রাজধানীর প্রায় সব জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুভোগে পরেছে কর্মজীবী মানুষ। গভীর এই নিম্নচাপের কারণে চট্টগ্রাম, পায়রা, মোংলা সমুদ্রবন্দরসহ সকল সমুদ্রবন্দগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়াও ঢাকা ও আশপাশের সকল নদীবন্দর গুলোতে ২ ন্মব স্থানীয় বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে রাজধানী মুখো মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখন পর্যন্ত স্থল নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ–পশ্চিম এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ সারা দিনই বৃষ্টি হবে। কোথাও থেমে থেমে, কোথাও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামীকাল রোববার থেকে রৌদ্রোজ্জ্বল দিনের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিতে ধানমণ্ডি ২৭ নম্বর, শুক্রবাদ, ফার্মগেট ও ইন্দিরা রোডে এলাকায়ও জলাবদ্ধতা দেখা দেয়। এসব এলাকার কোথাও কোথাও কোমরপানিও দেখা গেছে।
মিরপুর ৬০ ফিট এলাকার এক বাসিন্দা বলেন, “এখানে চতুর্দিকে পানি জমে গেছে। বাজার করতে মিরপুরে-১ নম্বরে যাওয়ার কথা থাকলেও বের হয়ে হাঁটুপানি দেখে ফিরে আসি।”
মিরপুরের ৬০ ফিট সড়ক অপেক্ষাকৃত উঁচু হলেও এতে পানি জমে যাওয়ার কথা জানান তিনি। রাজধানীর বাড্ডা, রামপুরা, খিলগাঁও, সবুজবাগ, বাসাবো, যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকা তলিয়ে যায় বলে জানান এলাকাবাসীর অনেকে। যাত্রাবাড়ী, মাতুয়াইল, কাজলা ও ডেমরা এলাকার বিভিন্ন সড়কেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এছাড়া বিমানবন্দর সড়কের বিভিন্নস্থানের দুই পাশেই পানি জমে রয়েছে। অন্যদিনের তুলনায় এদিন এ সড়কে কম যানবাহন থাকলেও পানির কারণে দুপুর ১২টার দিকে আর্মি স্টেডিয়াম থেকে কাকলী মোড় পর্যন্ত যানজট দেখা গেছে।