হত্যার উদ্দেশ্যে নাশকতার সৃষ্টি এবং মানহানির অভিযোগে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দায়ের করা দুই মামলার জামিনের আবেদন শুনানি ২৪ মে বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
খালেদার জামিনের পক্ষে প্রথমে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য উপস্থাপন করেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তি উপস্থাপন শুরু করেন। আংশিক শুনানি শেষে আদালতের সময় শেষ হয়ে এলে বিচারক শুনানি মুলতবি করেন। বৃহস্পতিবার আবারও কুমিল্লার এ মামলায় খালেদার জামিন শুনানি শুরু হবে। নড়াইলে মানহানির আরেক মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন এই আদালতেই শুনানির অপেক্ষায় রয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। যেটি গত বৃহস্পতিবার বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবীরা জানান, খালেদার বিরুদ্ধে অন্তত আরও ছয়টি মামলা গ্রেপ্তার দেখানো রয়েছে। তাকে কারাগার থেকে মুক্তি পেতে ওই সব মামলায় জামিন পেতে হবে।
