রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর বাধার সম্মুখীন হয়েছে। এবার ফেনীর মহিপাল পার হওয়ার সময় দুটি বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে খালেদার গাড়িবহর মহিপাল ফিলিং স্টেশন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার গাড়িসহ বহরের ৩০-৩৫টি গাড়ি পেরিয়ে যাওয়ার পর দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং সড়কের উল্টো দিকে চট্টগ্রামমুখী দুটি বাসে আগুন ধরে যেতে দেখা যায়। এর পরপরই সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে যায় এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
ফিরতি পথে খালেদা জিয়ার ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি করার কথা থাকলেও রওনা হতে দেরি হওয়ায় সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়। তার বহর ফেনী পার হওয়ার সময় স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী মোটর সাইকেল নিয়ে বিএনপিনেত্রীকে এগিয়ে দেয়। ওই বহর মহিপাল অতিক্রম করার সময়ই বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এর আগে গত শনিবার বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের ৩০টির মতো গাড়ি মোহাম্মদ আলী বাজার অতিক্রমের পরপরই ১৫-২০ যুবক লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে।
ফেনী জেলা শহরের ৬-৭ কিলোমিটার আগে এই স্থানটি। খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর ওই হামলা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় গণমাধ্যমসহ বহরের বেশ কয়েকটি গাড়ি। একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের গাড়ি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কয়েকজন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন।
হামলাকারীদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে ফেনীতে যাত্রাবিরতির সময় খালেদা জিয়ার সঙ্গে নেতা-কর্মীদের সাক্ষাৎ ঠেকাতে জেলার বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কে অবরোধ করে বলে স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ।
