জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেওয়া সাজা কেন বাড়ানো হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক রিভিশন আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ এই রুল দেয়।
সাজার মেয়াদ বৃদ্ধি চেয়ে দুদক ওই রিভিশন আবেদনটি করে, যার গ্রহণযোগ্যতার ওপর আজ শুনানি নিয়ে আদালত রুল দেন। আদালত ওই মামলায় খালেদা জিয়াসহ অপর এক আসামির করা আপিলের সঙ্গে এ আবেদনের শুনানি হবে বলে আদেশ দিয়েছেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। খালেদা জিয়ার পক্ষে প্রথমে জয়নুল আবেদীন, এরপর এ জে মোহাম্মদ আলী এবং পরে মওদুদ আহমদ শুনানিতে অংশ নেন।
ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি এ মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর ও অর্থদণ্ড দেয়। ওই রায়ের পর থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি। হাই কোর্ট তাকে জামিন দিলেও আপিল বিভাগে ওই আদেশ আটকে আছে।
আরও পড়ুন;
খালেদা জিয়ার জামিন স্থগিত হয়নি
খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক
চার মাসের জামিন পেয়েছেন খালেদা জিয়া
খালেদা জিয়ার আইনজীবী হবেন না কামাল হোসেন
খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল
খালেদা জিয়ার আপিল শুনানি রবিবার
