বেতনের তুলনামূলক চিত্র প্রকাশ বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাজ্যে




তালিকাভুক্ত কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কর্মীদের গত বেতনের অসমতা চিত্র প্রকাশে বাধ্যবাধকতা আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবনা গৃহীত হলে আগামী বছরের জুন থেকে তা বাস্তবায়ন হবে। যদিও প্রস্তাবটি নিয়ে বিরোধী দল ও ব্যবসায়িক সংগঠনগুলো কড়া সমালোচনা করছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে গত বছরই কর্মী ও প্রতিষ্ঠান-প্রধানদের মধ্যকার বেতন-বৈষম্যের বিষয়টি জনসমক্ষে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করার কথা। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে হালনাগাদ কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, প্রস্তাবে পরিচালনা পর্ষদে সাধারণ কর্মীদের আরো জোরালো উপস্থিতির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
প্রস্তাবিত নতুন করপোরেট গভর্নেন্স কোড অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সাধারণ কর্মীদের প্রতিনিধি হিসেবে একজন অ-নির্বাহী পরিচালক নিযুক্ত করতে হবে। এছাড়া কর্মীদের জন্য একটি উপদেষ্টা কাউন্সিল গঠন অথবা প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্যে থেকে একজনকে পরিচালক নিযুক্ত করতে হবে।
কর্মী ও শেয়ারহোল্ডারদের স্বার্থের বিষয়টি পরিচালকরা কীভাবে দেখে থাকেন, কোম্পানিগুলোকে তা প্রকাশ করতে হবে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।
প্রস্তাবনাটিতে প্রধানমন্ত্রী মের দেয়া প্রতিশ্রুতির পুরোটা প্রতিফলিত হয়নি। গত বছর কনজারভেটিভ দলের নেতৃত্ব গ্রহণের সময় তিনি প্রতিশ্রুতি দেন, শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে তাদের বোর্ডরুমে কর্মী-প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে বাধ্য করবেন তিনি। কিন্তু বছরের শেষের দিকে ব্রিটেনের ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তার সুর অনেকটাই পাল্টে যায়। তিনি সেখানে আভাস দেন বোর্ডরুমে কর্মী-প্রতিনিধি রাখার বিষয়টি বাধ্যতামূলক নাও হতে পারে।