করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। এর প্রভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে অর্থনীতি। যার ফলে চাকরীচ্যুত হচ্ছেন অনেকে। কারও চাকরি টিকে থাকলেও কমে জাচ্ছ বেতন।
বেতন কমে যাওয়ার হতাশা থেকে এবার এক চাকরিজীবী ৩০ তলা ভবনের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক খবরে এ তথ্য দেওয়া হয়।
খবরে বলা হয়, কানাডা থেকে ফেরার পর মুম্বাইয়ের এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নেন মণীশ লোডায়া নামের এক ব্যক্তি। ভারতে এসে ভালোই দিন কাটছিল তার। তবে করোনায় দেশজুড়ে লকডাউনের জেরে সম্প্রতি তার বেতন কমানোর সিদ্ধান্ত নেয় ওই প্রতিষ্ঠান।
তা মেনে নিতে পারেননি মণীশ। মুম্বাইয়ের মুলুন্দের অশোক নগর এলাকায় ৩০ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে মণীশের।
এদিকে, সেন্টার ফর মনিটরিং দ্য ইন্ডিয়ান ইকনোমি (CMIE)-এর তথ্য অনুযায়ী, করোনায় লকডাউনের কারণে দেশটিতে কর্মসংস্থান কমেছে। বেড়েছে বেকারত্বের হারও। মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলোতে শ্রমিক ছাঁটাই বেশি হয়েছে।

