বেপরোয়া গতিতে চলছিলো বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ৫



ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত।  আহত অন্তত ১৬ জন।

জানা গেছে, শনিবার রাত ৩ টায় ঢাকা থেকে আসা লালমনিরহাটগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন এবং ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এখন পর্যন্ত নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-  লালমনিরহাট পাটগ্রামের মাহাবুল ইসলাম, টাঙ্গাইলের সুনীল কুমার, রংপুর মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন এবং বাস চালকের সহকারী লালমণিরহাট হাতীবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের বিদ্যুৎ মিয়া।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে বাসচালককে আটক করতে পারেনি পুলিশ।

এক বিবৃতিতে হাইওয়ে থানার ওসি জানান, চালকের বেপরোয়া গতির বাস চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে ।

আহতদের চিকিৎসার খবর নিয়ে নিহতদের ৫ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।