ওয়েবসাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে বেলজিয়ামের নাগরিকদের ওপর নজরদারি করছে ফেসবুক, এমন অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছিল। দেশটির এক আদালত সোস্যাল মিডিয়া সাইটটির এ ধরনের কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছেন।
আদালতের আদেশ অমান্য করা হলে প্রতিষ্ঠানটিকে ১২ কোটি ৫০ লাখ ডলার (১০ কোটি ইউরো) জরিমানা করার হুমকি দেয়া হয়েছে।
গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিল বেলজিয়াম প্রাইভেসি কমিশন। শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে গত শুক্রবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, ফেসবুক অবৈধভাবে বেলজিয়ামের নাগরিকের যেসব তথ্য সংগ্রহ করেছে, তা মুছে ফেলতে হবে। ফেসবুক ব্যবহার করেননি, এমন ব্যক্তিদের তথ্য জোগাড় করলে সেসব তথ্যও মুছে ফেলতে হবে প্রতিষ্ঠানটিকে।
আদালতের রায়ে বলা হয়, আদালতের আদেশ না মানলে ফেসবুককে প্রতিদিন ২ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা দিতে হবে। এক্ষেত্রে ১০ কোটি ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। এদিকে ফেসবুক এক বিবৃতিতে আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আদালত এক বিবৃতিতে বলেন, তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সংরক্ষিত তথ্যগুলো কী কাজে ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কে ফেসবুক আমাদের পর্যাপ্ত তথ্য সরবরাহ করেনি। এমনকি তথ্য সংগ্রহ কিংবা সংরক্ষণের জন্য প্রতিষ্ঠানটি আদালতের অনুমতিও নেয়নি।
বেলজিয়াম প্রাইভেসি কমিশন এক বিবৃতিতে উল্লেখ করে, আপনি কখনই ফেসবুকের ডোমেইনে প্রবেশ না করলেও প্রতিষ্ঠানটি গোপনে আপনার কর্মকাণ্ড নজরদারি করে।
ফেসবুকের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের পাবলিক পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড অ্যালান বলেন, আমরা নতুন নির্দেশনাটি মেনে চলব। কারণ আমরা ইউরোপের তথ্য সুরক্ষা আইন মেনে চলছি।
বেলজিয়ামের প্রাইভেসি ওয়াচডগ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। সংস্থাটি জানায়, ফেসবুক এরই মধ্যে বড় ধরনের প্রচারাভিযান শুরু করেছে। এতে গোপনীয়তার ওপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন;
জনপ্রিয়তা হারাচ্ছে ফেসবুক
ফেসবুকে আসছে ‘ডাউনভোট’ বাটন
ফেসবুকে ২০ কোটি ফেক অ্যাকাউন্ট
অবস্থা বুঝে বন্ধ ফেসবুক: শিক্ষামন্ত্রী
