জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, স্টর্মি ড্যানিয়েলস নামে এক পর্ন অভিনেত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যৌন সম্পর্কের কথা গোপন রাখতে ২০১৬ সালে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোয়েন ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। আইনজীবী সেকথা স্বীকার করলেও, ট্রাম্প দাবি করে আসছিলেন এরকম টাকাপয়সা দেওয়ার কথা তিনি জানেনই না ।
এরপর থেকেই এই কেলেঙ্কারি কোনোভাবেই পিছু ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। শেষমেশ জল ঘোলা করে আজ ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে, তার মুখ বন্ধ রাখতে তার আইনজীবীর দেয়া টাকা তিনি আবার শোধ করে দিয়েছেন, কিন্তু তা বৈধভাবেই দেয়া হয়েছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমে নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি বলেন, ওই অভিনেত্রীর মুখ বন্ধ রাখতে ট্রাম্পের আইনজীবী তাকে যে টাকা দিয়েছিলেন তা ট্রাম্প আবার তাকে শোধ করে দিয়েছেন।
তবে প্রশ্ন উঠছিলো স্টর্মি ড্যানিয়েলসকে আইনজীবী কোয়েনের দেয়া টাকাটা ট্রাম্পের নির্বাচনী প্রচারের তহবিল থেকে গিয়েছিল কিনা, কেননা তা আমেরিকান ফেডারেল আইনের লঙ্ঘন।
এ ব্যাপারে আজ ফক্স নিউজ টিভিতে প্রেসিডেন্টের আইনজীবী দলের গুরুত্বপূর্ণ সদস্য রুডি জুলিয়ানি বলেন, ঐ টাকা প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণা তহবিলের টাকা ছিল না, ফলে এ ক্ষেত্রে প্রচারণার তহবিল তসরুপের কোনো ঘটনা ঘটেনি।
জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল ওই প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সাল পর্যন্ত ঐ অভিনেত্রীর সাথে সম্পর্ক রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদ প্রকাশের পর সাংবাদিকের জেরার মুখে জুলিয়ানি বলেছিলেন, টাকাটা দিয়েছিল একটি ল ফার্ম। প্রেসিডেন্ট পরে সেই পাওনা শোধ করে দেন। একেকবারে ৩৫ হাজার ডলার করে কিস্তিতে টাকা দেয়া হয়।
