প্রতিকূল আবহাওয়ার জের ধরে ২০১৮-১৯ মৌসুমে বৈশ্বিক গম উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় প্রায় ৯০ লাখ টন কমতে পারে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।
প্রতিষ্ঠানটির প্রতিবেদন প্রকাশের পর পরই সরবরাহ সংকটের সম্ভাবনা থেকে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যটির দামে চাঙ্গাভাব দেখা গেছে।
ইউএসডিএর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০১৮-১৯ বিপণন মৌসুমে গমের বৈশ্বিক উৎপাদন দাঁড়াতে পারে ৭৩ কোটি ৬০ লাখ টনে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় প্রায় ৯০ লাখ টন কম। গত তিন মৌসুমের মধ্যে এটাই গমের সর্বনিম্ন বৈশ্বিক উৎপাদন।
মৌসুমের শুরুতে দেয়া প্রতিবেদনে ২০১৮-১৯ মৌসুমে বিশ্বব্যাপী ৭৪ কোটি ৫০ লাখ টন গম উৎপাদনের প্রাক্কলন করেছিল ইউএসডিএ। এবারের মৌসুমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় গম উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় ৪৪ লাখ টন কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে ২০১৮-১৯ মৌসুমে রাশিয়ায় কৃষিপণ্যটির উৎপাদন কমতে পারে ১৫ লাখ টন। ইউএসডিএর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, এবারের মৌসুমে ইউক্রেনে গম উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় ১০ লাখ টন কমতে পারে। একইভাবে অস্ট্রেলিয়ায় কৃষিপণ্যটির উৎপাদন প্রাক্কলন কমানো হয়েছে ২০ লাখ টন। প্রতিকূল আবহাওয়ার জের ধরে এবারের মৌসুমে বিভিন্ন দেশে সম্মিলিতভাবে ৯০ লাখ টন কম গম উৎপাদন হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
