বাংলাদেশের বোলাররা উইকেট নিতে ব্যর্থ, দৃশ্যটা টেস্ট সিরিজ থেকেই চোখে লাগছিল। সাদা থেকে রঙিন হয়েছে পোশাক, বল হয়েছে লাল থেকে সাদা। দীর্ঘ ফরমেট থেকে নিজেদের প্রিয় ফরমেটে ফিরে এসেছে বাংলাদেশ। কিন্তু এরপরও মাশরাফির নেতৃত্বে ভাগ্য বদলায়নি লাল-সবুজদের। ফলাফল দশ উইকেটের হার।
দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে টসে জিতে বাংলাদেশ। ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দলপতি মাশরাফি বিন মুর্তজা। গতকাল ইনজুরিতে পড়া মুস্তাফিজ ও ইনজুরি থেকে ফিট না হয়ে ওঠা তামিমকে ছাড়াই মাঠে নামে মাশরাফি বাহিনী। ব্যাটিংয়ে ইনিংসের গোড়াপত্তনের দায়িত্ব পড়ে লিটন দাস ও ইমরুল কায়েসের উপর।
৪৩ রানের ওপেনিং জুটি ভাঙেন রাবাদা। লিটন ফেরেন ২১ রানে। এদিন তিন নম্বরে নামেন সাকিব আল হাসান। ৬৭ রানে ৩১ রান করা ইমরুল কায়েস আউট হলে নামেন মুশফিকুর রহিম।
সেই মুশফিকের শতকে ভর করে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। মুশফিক ১১০ রানে অপরাজিত থাকেন। এটি একজন বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান। এছাড়া সাকিব ২৯, মাহমুদুল্লাহ ২৬, সাব্বির ১৯, নাসির ১১ ও শেষে সাইফুদ্দিনের ১১ বলে ১৬ রানে ২৭৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। রাবাদা নেন সর্বোচ্চ ৪ উইকেট। এদিন সাকিব ৫ম অলরাউন্ডার হিসেবে একদিনের খেলায় ৫০০০ রান ২০০ উইকেটের মাইলফলক পার করেন।
২৭৯ রানও যে স্বাগতিকদের বেঁধে রাখতে যথেষ্ট নয়, তার প্রমান দেন দুই ওপেনার কুইন্টন ডি’কক ও হাশিম আমলা। এমনকি এই দুই ব্যাটসম্যানকে আউট করতে ব্যর্থ বাংলাদেশের বোলাররা। মাশরাফি, সাকিব, তাসকিন, রুবেল, নাসির, মাহমুদুল্লাহরা কেউ এই দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখাতে পারেননি।
ক্যারিয়ারের ১৩ তম শতক করে ডি’কক ১৬৮ রানে ও ২৬ তম শতক করে ১১০ রানে অপরাজিত থাকেন আমলা। বাংলাদেশ ১০ উইকেটের লজ্জাজনক পরাজয় বরণ করে।
