দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যানের পর অবশেষে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে সমাজতান্ত্রিক কিউবা। এছাড়া দেশটির নতুন সংবিধানে প্রধানমন্ত্রীর পদও সৃষ্টি করা হচ্ছে।
গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রানমা শনিবার নতুন সংবিধানের একটি সারসংক্ষেপ প্রকাশ করেছে। নতুন সংবিধানের খসড়ায় ২২৪টি আর্টিকেল আছে বলে জানিয়েছে গ্রানমা। আগের সংবিধানে ১৩৭টি আর্টিকেল ছিল।
নতুন সংবিধানে মুক্ত বাজার ও ব্যক্তিগত সম্পত্তি, উভয়ের স্বীকৃতি সন্নিবেশিত হয়েছে বলে জানিয়েছে গ্রানমা। তাৎক্ষণিকভাবে এর বাইরে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
এর মাধ্যমে কিউবার নব্য উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারীদের আরও অধিক আইনি সুরক্ষা দেওয়া হতে পারে বলে মন্তব্য রয়টার্সের।
তবে গ্রানমা জানিয়েছে, এসব সংস্কারের পরও কেন্দ্রীয় পরিকল্পনা ও রাষ্ট্রীয় উদ্যোগই সর্বিকভাবে কিউবার অর্থনীতির স্তম্ভ হিসেবে থেকে যাবে। পাশাপাশি কিউবার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক শক্তি হিসেবে কমিউনিস্ট পার্টির ভূমিকাও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছে গ্রানমা
উল্লেখ্য, অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষে ও কিউবার সমাজতন্ত্রকে আরও টেকসই করে তুলতে দেশটির সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো অর্থনৈতিক সংস্কার কার্যক্রম শুরু করেছিলেন। এরপর ২০১০ থেকে দেশটির কয়েক লাখ নাগরিক ব্যক্তিগত ব্যবসা শুরু করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা শুরু করেন। এভাবে দেশটিতে রেস্তোরাঁ থেকে শুরু করে বিউটি পার্লারসহ বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন ব্যবসার প্রসার হয়।
