ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই


ভোলা, Bhola District #paperslife

ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি (৩৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে ৪ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। জানা যায়, তিনি ওষুধ ব্যবসায়ী ছিলেন।

গতকাল  শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নিহত প্রবীর মাঝির সঙ্গে থাকা তার ছোট ভাই সজিব মাঝি দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনার সঙ্গে জড়িত আব্বাসউদ্দীন নামে একজনকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।

জানা যায়, প্রতিদিনের মতো ওষুধ ব্যবসায়ী প্রবীর মাঝি বটতলা এলাকায় তার ওষুধের দোকান ‘দীপরাজ ফার্মেসি’ বন্ধ করে ছোট ভাই সজিব মাঝিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন।

বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা ৪ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করেন। আর সজিব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।