ব্যবহারকারী ছাড়াও অন্যদের তথ্য সংগ্রহ করে ফেসবুক




নিবন্ধনকৃত ব্যবহারকারী নন, এমন ব্যক্তিদেরও তথ্য সংগ্রহ করে ফেসবুক। গত বুধবার মার্কিন সিনেটের হাউজ এনার্জি অ্যান্ড কমার্স কমিটির শুনানিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এ তথ্য জানিয়েছেন।

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক দলের নেতা বেন লুজানের এক প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেন, নিরাপত্তার কারণে অনেকে ফেসবুক সাইন আপ করে না। আমরা সাধারণত তাদের তথ্যও সংগ্রহ করি।

শুনানিতে জাকারবার্গ বলেন, ‘শ্যাডো প্রোফাইল’ বিষয়টির সঙ্গে তিনি পরিচিত নন। যদিও এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, ফেসবুকে শ্যাডো প্রোফাইল চালু রয়েছে।

ফেসবুকের বিজ্ঞাপন বিভাগের সাবেক কর্মী অ্যান্তোনিও গার্সিয়া মার্টিনেজ এক টুইট বার্তায় লিখেছেন, গ্রাহক তথ্যের ব্যবহার সম্পর্কে জাকারবার্গ যে বক্তব্য দিয়েছেন, তা অসম্পূর্ণ। প্রতিষ্ঠানটি গোপনে বিপুলসংখ্যক গ্রাহকের তথ্য সংগ্রহ করেছে।

অনুমতি না নিয়ে ফোনকল ও টেক্সট মেসেজের তথ্য সংগ্রহ করায় ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন এর মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারী তিন ব্যক্তি। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল আদালতে তারা এ মামলা করেন।

ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের একটি ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে। এ প্রতিষ্ঠানটি গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প শিবিরের পক্ষে কাজ করেছে। শুরুতে পাঁচ কোটির বেশি ব্যবহারকারীর তথ্য বেহাতের খবর প্রকাশ করে ফেসবুক। পরে ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। ভুক্তভোগী এসব ফেসবুক ব্যবহারকারীর মধ্যে ১১ লাখ যুক্তরাজ্যের এবং বাকি বেশির ভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক।