ব্যবহারিক ধাতুর বাজারে মিশ্র প্রবণতা



ব্যবহারিক ধাতুর দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। সর্বশেষ কার্যদিবসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামা, অ্যালুমিনিয়াম ও দস্তার দাম আগের দিনের তুলনায় বেড়েছে। তবে এদিন নিকেল, সিসা ও টিনের দামে নিম্নমুখী প্রবণতা বজায় ছিল।
এলএমইর প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৬ হাজার ৯১৬ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। ভারতের তাালিনাড়ুতে বিক্ষোভের জেরে বৃহত্তম একটি তামা পরিশোধন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে ব্যবহারিক ধাতুটির বাজারে।
সর্বশেষ কার্যদিবসে এলএমইতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম বিক্রি হয় ২ হাজার ৩০৫ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। অ্যালুমিনিয়াম উৎপাদনকারী রুশ প্রতিষ্ঠান রোসেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় গত মাসে সাত বছরের সর্বোচ্চে উঠেছিল ব্যবহারিক ধাতুটির দাম। সে পরিস্থিতি থেকে বর্তমানে অ্যালুমিনিয়ামের দাম কমে এসেছে। এদিন এলএমইতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন দস্তা বিক্রি হয় ৩ হাজার ৫৬ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ বেশি।
এদিকে সর্বশেষ কার্যদিবসে এলএমইতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন সিসা বিক্রি হয় ২ হাজার ৪৭৮ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ কম। গত বৃহস্পতিবার ব্যবহারিক ধাতুটি টনপ্রতি ২ হাজার ৫০৯ ডলারে বিক্রি হয়েছিল, যা ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। এদিন এলএমইতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন নিকেল বিক্রি হয় ১৪ হাজার ৮৬০ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কম।