করোনা প্রকোপের কারণে সাধারণ ছুটির সমকালে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা নগদ জমা, উত্তোলন, পে-অর্ডার ইস্যু ও সীমিত আকারে চেকের বিপরীতে লেনদেন করতে পারবেন। ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।
উল্লেখ্য এর আগে গত ২৬ মার্চ থেকে সরকারি-বেসরকারি সব অফিস আদালত বন্ধের ঘোষণা দেয় সরকার। ৪ এপ্রিল ছুটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ৯ এপ্রিল পর্যন্ত ছুটির সময় বাড়ানো হয়।

