ব্যালেন্স দেখতে ৪০ পয়সা কে দেবে, গ্রাহক না প্রতিষ্ঠান?


mobile banking

মুঠোফোনে বিকাশ, রকেট, এমক্যাশ, শিওরক্যাশের মতো আর্থিক সেবায় (এমএফএস) ব্যালান্স দেখতে ৪০ পয়সা করে দিতে হবে। তবে প্রতিষ্ঠানগুলোই এই অর্থ দেবে, নাকি সরাসরি গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

মুঠোফোন অপারেটরদের এ অর্থ দেওয়ার জন্য মুঠোফোনে আর্থিক সেবাদাতা বিকাশ, রকেট, এমক্যাশ, শিওরক্যাশের মতো প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নির্দেশনায় বলা হয়েছে, ৯০ সেকেন্ডের মধ্যে একটি আর্থিক লেনদেন সম্পন্ন হলে এ জন্য মুঠোফোন অপারেটররা ৮৫ পয়সা পাবে। আর্থিক লেনদেন ছাড়া অন্য কাজের জন্য প্রতিবার ৪০ পয়সা দিতে হবে।

আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা বা ইউএসএসডির ওপর প্রতিবার ৪০ থেকে ৮৫ পয়সা পাবে মুঠোফোন অপারেটরগুলো। প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়া অথবা ব্যালান্স দেখার জন্য গ্রাহকেরা নিদিষ্ট নম্বর ডায়াল করার পর ফিরতি খুদেবার্তা পান। এটাই ইউএসএসডি।

বিটিআরসি ১৩ জুন নির্দেশনাটি জারি করে। এর মাধ্যমে মূলত এমএফএস সেবা থেকে মুঠোফোন অপারেটরদের আয়ের একটা ব্যবস্থা হলো।

অবশ্য এতে গ্রাহকের ওপর কোনো প্রভাব পড়বে কি না, তা নিশ্চিত নয়। কারণ অপারেটর বলছে, এ অর্থ বিকাশ-রকেটের মতো প্রতিষ্ঠান তাদের দেবে।

তবে প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়েই তা সংশ্লিষ্টদের পরিশোধ করে বলে মনে করেন সংশ্লিষ্টরা।