করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। এর পরেই অবস্থান লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। করোনার ভয়াবহতায় ইতোমধ্যেই অশহায়ত্ব বরণ করেছে দেশটি। এরই মধ্যে দেশটি বুধবার করোনা রোগী শনাক্ত ও মৃত্যু উভয় ক্ষেত্রেই গড়েছে নতুন রেকর্ড।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দেশটিতে নতুন করে ৬৯ হাজার ৭৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা এখন পর্যন্ত তাদের একদিনে রোগী শনাক্তের রেকর্ড।
একই দিন করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৯৫ জন, এটিও একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে ব্রাজিলে এ পর্যন্ত ২৫ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৯০ হাজার ১৩৪ জন।
আক্রান্ত-মৃত্যুর পাহাড়ের মধ্যেই ব্রাজিলের অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে চালুর উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। দেশটির জনগণও অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব না মেনে বিভিন্ন, বার, রেস্টুরেন্ট ও সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

