করোনাভাইরাসে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। বিশ্বে মহামারি রূপ নেওয়া প্রাণঘাতী এ ভাইরাসে বিপর্যস্তের তালিকায় যুক্তরাষ্ট্রের ঠিক পরের অবস্থানে রয়েছে দেশটি।
দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ১৪ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৪ জনের।
ব্রাজিলে গতকাল একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪০৯ জন। আর এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৮০ জনের। তবে করোনাকে ছোট্ট ফ্লু হিসেবে মনে করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসরানো।
ব্রাজিলে করোনাভাইরাস মোকাবিলায় ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ২ মিলিয়ন ডোজ হাইড্রোক্সিক্লোরাকুইন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়াও যুক্তরাষ্ট্র ব্রাজিলে ১ হাজার ভেন্টিলেটর পাঠাবে বলে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।
গত বছরের শেষে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে এ মারণ ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৬২ লাখ ৬৩ হাজার ৯১১ জন। আর মারা গেছে ৩ লাখ ৭৩ হাজার ৮৯৯ জন।

