এবার ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ১০ জনসহ গত ২৪ ঘণ্টায় ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মী।
আজ সোমবার (৪ মে) দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য নিশ্চিত করে। আক্রান্তদের মধ্যে রয়েছেন নবীনগর উপজেলার একজন স্বাস্থ্যকর্মীসহ ১১জন ও বাঞ্ছারামপুর উপজেলার একজন স্বাস্থ্যকর্মী।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, নমুনা পরীক্ষায় নবীনগরের একই পরিবারের ১০ জন করোনা ‘পজিটিভ’ হয়েছেন। পরিবারটির আরও দুই সদস্যের এর আগে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পাশাপাশি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্য সহকারী ও বাঞ্ছারামপুর উপজেলায় একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার শনাক্ত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হবে।
নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান জানান, সিভিল সার্জন কার্যালয় থেকে চিকিৎসকের একটি দল সোমবার বিকেল চারটার দিকে ওই বাড়িতে পাঠানো হয়। দলটির মতামত ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাঁদের আইসোলেশনে নেওয়া হবে।

